
যশোরে চায়ের দোকানে নকল সিগারেট উদ্ধার, দোকানিকে জরিমানা
যশোর শহরের নতুন উপশহর এলাকায় একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করেছে উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ ঘটনায় দোকানি মো. রাসেল (৫০)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) নতুন উপশহরের উপশহর ক্লাবসংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অলোক কুমার দে। অভিযানে দোকান থেকে ১০ কার্টন ডার্বি এবং ৫ কার্টন হক গোল্ড ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়।
আটক রাসেল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। বর্তমানে তিনি যশোরের নতুন উপশহরের আই-৩, সেক্টর-৭ এলাকায় বসবাস করছেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফবুদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা নকল সিগারেট ধ্বংস করা হয়।
পুলিশ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং অবৈধ পণ্য বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।